ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনের সংসদ লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে।
প্রতারকেরা পিএস, এপিএস পরিচয় দিয়ে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও মাদ্রাসার অধ্যক্ষদের কাছে কম খরচে হজে লোক পাঠানোর কথা বলে টাকা দাবি করছেন বলে অভিযোগ।
গতকাল বুধবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পিএস পরিচয় দিয়ে ‘এমপি হজে লোক নিয়ে যাবে’ বলে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেন। এ সময় অন্য একজন নিজেকে এমপি পরিচয় দিয়ে কণ্ঠও নকল করেন বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে বুধবার রাতে সদর উপজেলার মাছিমপুর গ্রামের মো. ফখরুল ইসলাম ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
তিনি অভিযোগে উল্লেখ করেছেন, অজ্ঞাত ব্যক্তি ০১৮৮৬-২৬৩৮২৪ ফোন নম্বর থেকে এমপি নিজাম উদ্দিন হাজারীর পিএস পরিচয় দিয়ে ফোন করে জানান, চলতি বছরে পাঁচটি স্কুলে ধর্মীয় শিক্ষক সরকারিভাবে তালিকাভুক্ত করা হয়েছে, তার মধ্যে সামছুদ্দিন ভূঞা উচ্চ বিদ্যালয় হইতে ধর্মীয় শিক্ষক হিসেবে হজের জন্য নির্বাচন করা হয়েছে। এর নিবন্ধনের জন্য নগদ’র মাধ্যমে ৭ হাজার ৬২০ টাকা পরিশোধের কথা বলেন। তারা ‘০১৮৮৬-৮২৪২৩৩’ এই নগদ অ্যাকাউন্ট নম্বর দেন। টাকা পাঠানোর পরে ওই দুই নম্বরে ফোন করলে বন্ধ পাওয়া যায়।
গত মঙ্গলবার রাতে একইভাবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ও এমপি লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর নাম ভাঙিয়ে প্রতারণা করা হয়।
এ ঘটনায় মাসুদ উদ্দিন চৌধুরীর জনসংযোগ কর্মকর্তা মো. ওমর ফারুক মোস্তাফিজ সোনাগাজী মডেল থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৩ এপ্রিল দুটি মোবাইল নম্বর ০১৮৮৬৪৮৫৭৫১, ০১৮৮৬৩২২০১৯ থেকে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও মাদ্রাসার অধ্যক্ষদের নিকট থেকে এমপির নাম ভাঙিয়ে পিএস, এপিএস পরিচয়ে ‘হজের’ নামে টাকা চাওয়া হচ্ছে। স্থানীয় মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়, আরএমহাট কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষদের নিকট টাকা চাওয়ার কথা উল্লেখ করছেন। গত বছরও একই কায়দায় অজ্ঞাত দুর্বৃত্তরা বিভিন্ন লোকদের কাছে কম খরচে হজে লোক পাঠানোর কথা বলে টাকা চেয়েছিলেন। এমপি হজে লোক পাঠান না। তাই অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে শিগগিরই ওই চক্রটির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
এমপি নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী এস আলম সবুজ বলেন, এক শ্রেণির প্রতারক চক্র এমপির নাম ভাঙিয়ে পিএস, এপিএস পরিচয় দিয়ে হজের কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা নম্বরগুলো সংগ্রহ করে প্রতারক চক্রকে চিহ্নিত করার চেষ্টা করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছি।
সাংসদ লে. জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধুরীর জনসংযোগ কর্মকর্তা মো. ওমর ফারুক মোস্তাফিজ বলেন, আমি সোনাগাজী মডেল থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেছি। তথ্য প্রযুক্তির মাধ্যমে শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাংসদ লে. জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধুরীর বলেন, প্রশাসনকে দ্রুত প্রতারকদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছি।
