প্রবাসীর স্ত্রীকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা উধাও!

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৮:৪৭ পিএম

টাঙ্গাইলের দেলদুয়ারে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে ইউপি সদস্য উধাও হয়েছেন। উপজেলার দেওলী ইউনিয়নের ঝুনকাই গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেওলী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. লিটন মণ্ডল দীর্ঘ দিন যাবৎ ঝুনকাই গ্রামের ওই সৌদিপ্রবাসীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। চার বছর পর ওই সৌদিপ্রবাসী বাড়িতে ফেরার কথা রয়েছে এ সপ্তাহেই। তার বাড়ি আসার আগেই লিটন মণ্ডল ওই প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়ে যায়। তাদের ফোনও বন্ধ রয়েছে।

প্রবাসীর মা বলেন, লিটন মণ্ডল আমার ছেলের সংসারে আগুন জ্বালিয়ে দিয়েছে। ফুসলিয়ে সম্পর্ক করে আমার ছেলের বউকে নিয়ে পালিয়ে গেছে। ১২ বছর বয়সের আমার নাতনি লজ্জায় ঘরের বাইরে বের হচ্ছে না, শুধু কাঁদছে।

তিনি আরও বলেন, লিটন মণ্ডল এলাকায় আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে সমাজে নানা অপকর্ম করে বেড়ায়। তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। আমার ছেলের বিদেশ থেকে পাঠানো টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে আমার ছেলের বউসহ আত্মগোপনে চলে গেছে। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে দেওলী ইউপি চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক বলেন, এমন ঘটনায় আমরা লজ্জিত ও বিব্রত হচ্ছি। বিভিন্ন সংস্থা থেকে ফোনে মেম্বার লিটন সম্পর্কে জানতে চাচ্ছে।

এ ব্যাপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আমি বিষয়টি জেনেছি। তবে কেউ কোনো প্রকার অভিযোগ করেনি। কেউ অভিযোগ করলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত