বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণী

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০৩:৫৮ এএম

বরগুনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাসার সামনে অবস্থান নিয়েছেন এক তরুণী। গত বৃহস্পতিবার সকালে তিনি জামালপুর থেকে বরগুনা আসেন। এরপর বাসা ছেড়ে গা-ঢাকা দিয়েছে প্রেমিক ও তার পরিবার।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই তরুণী বেতাগী উপজেলার চান্দখালি বাজারসংলগ্ন কাঠপট্টি এলাকায় ওই বাড়ির সামনে অবস্থান করছিলেন।

ওই তরুণী জানান, জামালপুরের সরিষাবাড়ীতে তার গ্রামের বাড়ি। তিনি ঢাকার উত্তরায় থাকেন এবং সেখানের একটি ইউনিভার্সিটিতে আইন বিষয়ে তারা অধ্যয়নরত। তিন বছর প্রেমের পর বিয়ের কথা বলায় তার প্রেমিক তাকে এড়িয়ে চলতে শুরু করে।

ওই তরুণী আরও বলেন, ‘আমি বাধ্য হয়ে এখানে এসেছি। ও আমায় বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। গত তিন বছর ধরে আমাদের রিলেশন। আমি সর্বস্ব খুইয়ে এখন নিরুপায় হয়ে এখানে এসেছি।’

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। ওই তরুণীর নিরাপত্তা ও আইনগত সহায়তার জন্য আমি বেতাগী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি। বিষয়টি সমাধানে উভয়ের পরিবারের সঙ্গে যোগাযোগে আমরা চেষ্টা করছি।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘চান্দখালি ফাঁড়ির ইনচার্জকে পাঠিয়ে তরুণীর নিরাপত্তা দেওয়া হচ্ছে। তাকে আইনগত সহায়তা দিয়ে পরিবারের মাধ্যমে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত