অনেকের কাছে কটন-বাড দিয়ে কান চুলকানো অত্যন্ত আরামের বিষয়। তবে এতে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।
তেমন এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের দল হার্টলপুলের মিডফিল্ডার মার্ক শেলটন। কটন-বাড দিয়ে কান খুঁচিয়ে চোটে পড়েছেন তিনি।
যার কারণে লিগ টু’তে স্কানথর্প ইউনাইটেডের বিপক্ষে হার্টলপুলের পরের ম্যাচ থেকে ছিটকে গেছেন শেলটন। হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৫ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডারকে।
কটন-বাড দিয়ে কান খোঁচানোর অভ্যাস আছে তার। কিন্তু এবার খোঁচানোর সময় কটন-বাড শেলটনের কানের বেশি ভেতরে ঢুকে যায়। তা আর বের করতে পারেননি তিনি। যার ফলে অসুস্থ হয়ে পড়েন শেলটন। মাথা ঘোরা অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এমনটাই জানিয়েছেন দলটির প্রধান কোচ গ্রায়েম লি।
চলতি মৌসুমে হার্টলপুলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় শেলটন। চতুর্থ স্তরের ক্লাবটির হয়ে ৩৩ ম্যাচ খেলেছেন তিনি। তার দুর্দান্ত নৈপুণ্যে অবনমনও এড়িয়েছে হার্টলপুল।
কটন-বাড চোটে পড়ায় শনিবার গ্লানফোর্ড পার্ক সফরে যেতে পারবেন না শেলটন।
