রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০২:৩০ পিএম

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন।

শনিবার সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের আমতলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মাহবুবর রহমান। তিনি সিরাজগঞ্জ জেলার আমলাপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, প্রাইভেটকারটি কুষ্টিয়ার দিক থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। প্রাইভেটকারে চালক ছাড়া কোনো যাত্রী ছিল না। ধারণা করা হচ্ছে, যাত্রী নামিয়ে তিনি ঢাকায় ফিরে যাচ্ছিলেন। বাবুপাড়া ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ৪০০ গজ পুর্বদিকে আমতলা মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রাইভেটকার দুমড়ে মুচড়ে যায়।  ট্রাকটি পাশের একটি পুকুরে পড়ে যায়।

প্রাইভেটকারের ভেতর আটকা পড়ে চালক ঘটনাস্থলেই মারা যান। প্রাইভেটকারের উপরের অংশ কেটে তাকে বের করা হয়।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত