বাগেরহাটের ফকিরহাটে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। রবিবার সকাল আটটায় বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুই চালক নিহত হন।
নিহতরা হলেন- বাগেরহাট শহরের খারদ্বার এলাকার রুস্তুম হাওলাদারের ছেলে ট্রাক চালক জালাল হাওলাদার (৩৫) এবং ফরিদপুরের আলফাডাঙা এলাকার শুকুর আলীর ছেলে বাস চালক আব্দুল্লাহ শেখ (৪০) এবং দশ মাসের শিশু আয়ান শেখ। আয়ান বাবা মাসুম শেখের কোলে বসে ছিল। তারা বাসে করে টাঙ্গাইলে নিজ বাড়িতে ফিরছিলেন।
বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে পুলিশের পরিদর্শক শেখ আবুল হাসান বলেন, রবিবার সকাল আটটার দিকে বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাসে শিশু আয়ান ও তার মা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে শিশু আয়ান চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে।
সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের দেহ গাড়ি থেকে উদ্ধার করেছে। দুটি যানই বেপরোয়া গতিতে চলার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, দুর্ঘটনায় শিশুসহ তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
