১০ বছরের সাজা মাথায় নিয়ে হাজি সেলিম দেশ ছেড়েছেন

আপডেট : ০২ মে ২০২২, ০৭:৫৩ পিএম

আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম দশ বছরের দণ্ড মাথায় নিয়ে বিদেশে গেছেন বলে খবর পাওয়া গেছে।

তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল সংবাদমাধ্যমকে জানান, স্যার চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছেন। আর ব্যাংকক তো গিয়েছেন শনিবার। তিনি ট্রিটমেন্ট শেষে, ৫ তারিখে দেশে ফিরবেন।

তিনি বলেন, উনি কেন পালাবেন, দেশে এসে তিনি আত্মসমর্পণ করবেন। আইনের প্রতি স্যার শ্রদ্ধাশীল। আত্মসমর্থনের আগে ট্রিটমেন্ট করে নিচ্ছেন।

২০২১ সালের ৯ মার্চ ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে দুই যুগ আগের একটি মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল রাখে হাই কোর্ট।

এ বিষয়ে সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবি খুরশীদ আলম খান বলেন, হাজী সেলিমের দেশত্যাগের বিষয়ে আমরা কিছুই জানি না। উনি কীভাবে যেতে পারলেন তা আমাদের প্রশ্ন। উনি একজন সাজাপ্রাপ্ত আসামি, তার যাওয়ার আইনি কোনো সুযোগ নেই। উনার তো আদালতে আত্মসমর্পন করার কথা ছিল।

হাজি সেলিমের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার তিনটি গাড়ির একটি বহর নিয়ে আজিমপুর কবরস্থানে যান হাজি সেলিম। সেখানে কবর জিয়ারত করে বিমানবন্দরে যান। তবে এ সময় তার সঙ্গে পরিবারের কেউ ছিলেন না। গাড়ির চালকেরাও আগে থেকে জানতেন না তারা কোথায় যাচ্ছেন। হাজি সেলিম সব সময় যে গাড়ি ব্যবহার করেন, ওই দিন সে গাড়িতে যাননি। চালকও ছিলেন আরেকজন।

হাজি সেলিমের বড় ছেলে সোলাইমান সেলিম একটি বেসরকারি টেলিভিশনকে বলেন, তার বাবা এখন দেশে নেই। 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এই সময়সীমার মধ্যেই আওয়ামী লীগের এই সাংসদ দেশ ছেড়েছেন।

দুর্নীতির মামলায় এক যুগ আগে বিচারিক আদালতের রায়ে সাংসদ হাজি সেলিমের ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল। সাজার রায়ের বিরুদ্ধে হাজি সেলিম হাইকোর্টে আপিল করেন। 

এই আপিলের শুনানি নিয়ে গত বছরের ৯ মার্চ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। এরপর ১০ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত