ঈদের দিন গৃহবধূকে গাছে বেঁধে পেটালেন প্রতিপক্ষ নারীরা

আপডেট : ০৪ মে ২০২২, ০৫:০৩ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাতি গ্রামে ঈদের দিন মঙ্গলবার সন্ধ্যার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক গৃহবধূকে (২৮) গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। 

নির্যাতনের শিকার ওই নারীকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামারখন্দ থানার ওসি হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, বিরোধপূর্ণ একটি জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাতি গ্রামের হাসান মাহমুদের সঙ্গে প্রতিবেশী নজরুল ইসলামের বিরোধ চলে আসছিল। ঈদের দিন মঙ্গলবার সন্ধ্যায় ওই জমি থেকে কলাগাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষে কথাকাটা কাটি হয়। একপর্যায়ে ওই গৃহবধূ প্রতিপক্ষের বাড়িতে ঢুকে নারী ও শিশুদের মারধরের চেষ্টা করেন। এ সময় প্রতিপক্ষের নারীরা তাকে ধরে একটি গাছে বেঁধে মারধর করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

তিনি আরো জানান, গৃহবধূর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত