পাবনার সুজানগরে দুই বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অপর দুই ভাই গুরুতর আহত হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কুঁড়িপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাইপুর গ্রামের নিজ বাড়ি থেকে সুজানগর বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হয় তিন চাচাতো ভাই সিফাত, তিহাম ও তাহা। পথে কুঁড়িপাড়া বাজারে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিহাম (১১) মারা যায়।
তিহাম রাইপুর গার্লস স্কুলের শিক্ষক হেলাল উদ্দিনের ছেলে। গুরুতর আহত অবস্থায় সিফাত ও তাহাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তিহামের মরদেহ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করেছে। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় রাইপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ওসি আরো বলেন, ঈদের সময় বারবার সতর্ক করা সত্ত্বেও কমবয়সী যুবকরা মোটরসাইকেল নিয়ে বের হয়। তারা অদক্ষ এবং অসতর্কভাবে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোয় দুর্ঘটনা ঘটে।
