মোটরসাইকেল দুর্ঘটনা কেড়ে নিল আরো ৩ কিশোরের প্রাণ

আপডেট : ০৪ মে ২০২২, ০৭:০৪ পিএম

ঈদের আনন্দ উপভোগ করা হলো না তাদের। এক মোটরসাইকেলে করে তারা তিনজন বাড়ির পাশের ভিতরগড় মহারাজার দিঘী বেড়াতে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনজনই নিহত হন। 

বুধবার (৪ মে) বিকেলে পঞ্চগড় জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পুকুরীডাঙ্গা বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোতে চলছে শোকের মাতম। 

নিহতরা হলো পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি খালপাড়া এলাকার পয়গাম ইসলামের ছেলে নতুন ইসলাম (১৬), একই এলাকার তারেক বিল্লালের ছেলে মাহাবুবার রহমান শিশির (১৭) ও আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (১৬)। 

এদের মধ্যে শিশির হাফিজাবাদ দ্বারিকামারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। আবু বক্কর সিদ্দিক একই স্কুলে দশম শ্রেণীতে পড়ে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন, শিশির ও সিদ্দিক একটি মোটরসাইকেলে ভিতরগড় মহারাজার দিঘী বেড়াতে যাচ্ছিল। তালমা-মডেলহাট সড়কের পুকুরীডাঙ্গা বালুরঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাদের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত লাগে।

গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রুকসানা নতুন, শিশির ও সিদ্দিককে মৃত ঘোষণা করেন। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিয়া বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগলে একটি মোটরসাইকেল সড়কের পাশের গাছের সঙ্গে আছড়ে পড়ে। এ ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত