বিয়ের দুদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

আপডেট : ০৫ মে ২০২২, ০১:৪৩ পিএম

বিয়ের আয়োজন সম্পন্ন। আজ ছিল গায়েহলুদ, আগামীকাল ছিল বিয়ের অনুষ্ঠান।

বিয়ের কেনাকাটা করতে যাওয়ার সময় ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান আইয়ূব মাহমুদ নয়ন (৩২)।

নয়ন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব ঢালীকান্দি গ্রামের হাবিবুর রহমান দেওয়ান ও খালেদা বেগম দম্পতির সেজ ছেলে। নয়ন ঢাকাতে প্রেস’র ব্যবসা করতেন। তারা পাঁচ ভাই এক বোন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (৫ মে) ছিল আইয়ূব মাহমুদ নয়নের গায়েহলুদ। আগামীকাল বিয়ে এবং ৮ মে বউ ভাত অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

বিয়ের কেনাকাটা করতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকা যাচ্ছিলেন তিনি। নয়ন ঈদের দিন (৩ মে) রাত ১০টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার রুববাবুর হাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিচ ঢালাই সড়কে পড়ে যান। তখন গুরুতর আহত হন তিনি। তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেয়ার পথে নয়নের মৃত্যু হয়। 

নিহত নয়নের ছোট ভাই সেকেন্দার দেওয়ান বলেন, আজ গায়েহলুদ, কাল ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল। ভাইয়ের আর বিয়ে করা হলো না। মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলেন ভাই। আল্লাহ্ আমার ভাইকে জান্নাতবাসী করুক। 

নয়নের মামা মাহমুদ হাসান সুমন বলেন, নয়নের অনেক শখ ছিল হেলিকপ্টারে করে বিয়ে করবে। অনেক চেষ্টা করেও হেলিকপ্টার ম্যানেজ করতে পারিনি। কখনো চিন্তা করতে পারিনি এভাবে অল্প বয়সে আমাদের ছেড়ে চলে যাবে। নয়নের জন্য অনেক কষ্ট হয়। বুধবার বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নয়নকে দাফন করা হয়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জেনেছি নয়নের মোটরসাইকেলের গতি ছিল একশত-এর উপরে। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে তার মৃত্যু হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত