আবারও খবরের শিরোনামে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এক পডকাস্ট রেকর্ডিংয়ের ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে অনলাইনে, যেখানে দেখা যাচ্ছে যে ইমরান নিজেই নিজেকে ‘গাধা’র সঙ্গে তুলনা করছেন। পডকাস্টে যুক্তরাজ্যে তার জীবন বর্ণনা করার সময় এই মন্তব্য করে এখন ট্রোল হচ্ছেন ইমরান খান।
ভাইরাল হওয়া পডকাস্টের অংশে ইমরান খানকে বলতে শোনা যায়, ‘আমাকে যুক্তরাজ্যে সবাই খুব খাতির-আপ্যায়ন করত। কিন্তু আমি সেটাকে নিজের বাড়ি বলে মনে করিনি। আমি বরাবরই প্রথমে পাকিস্তানি ছিলাম। একটি গাধার গায়ে রঙিন দাগ এঁকে দিলেই সেটা জেব্রাতে পরিণত হয় না, গাধা আজীবন গাধাই থাকে’।
পাকিস্তান ভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর জুনায়েদ আক্রামের উপস্থাপিত একটি পডকাস্টের এই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জুনায়েদ দুবাই থেকে পাকিস্তানে এসেছেন এবং গঞ্জিসোয়্যাগ নামক একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলও চালান। এদিকে তার পডকাস্টে নিজেকে গাধার সঙ্গে তুলনা করায় ইমরান খানকে ট্রোল হতে হচ্ছে। কনটেন্ট ক্রিয়েটর মুজাম্মিল হাসান এবং তালহাও এই পডকাস্টের অংশ ছিলেন।
পাকিস্তানের গদি থেকে ইমরান খানের সরে যাওয়া ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে তোলপাড় চলছে ইসলামাবাদের রাজনীতিতে। তার গদিচ্যূত হওয়াকে বিদেশি ষড়যন্ত্রের আখ্যা দিয়েছেন ইমরান। তার দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের মদদেই তাকে ষড়যন্ত্র করে করে ক্ষমতা থেকে সরানো হয়েছে।
