ফরিদপুরে জোড়া খুনের পাঁচ দিন পর মামলা, গ্রেপ্তার ৪

আপডেট : ০৮ মে ২০২২, ০৬:০৪ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে জোড়া খুনের মামলায় স্থানীয় সাবেক এক ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে ৮১ জনের নামে বোয়ালমারী থানায় মামলা হয়েছে।

উপজেলার ঘোষপুর ইউনিয়নের চর দৈত্তরকাঠি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহম্মেদের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা জামান সিদ্দিকী বাদী হয়ে শনিবার রাত সাড়ে আটটায় এই মামলা করেন।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এজাহারনামীয় ৪ জনকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রাম্য গ্রুপিংয়ের বিরোধে অভিযুক্তরা দীর্ঘদিন দরে গোলাম মোস্তফা জামান সিদ্দিকী, তার পরিবার এবং দলীয় লোকজনদের খুন জখম করার পরিকল্পনা করছিলেন।

গত ৩ মে (ঈদের দিন) আসামিরা বাদীপক্ষের লোকেদের ঘেরাও করে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে এবং চাপাতি, ছ্যাঁদা ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে।

ওই হামলায় জখমপ্রাপ্ত আকিদুল মোল্যা, খায়রুল ইসলাম, আলমগীর, মাসুদ, জিল্লুর রহমান, মাজেদ ফকির, আমজেদ শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকিদুল মোল্যাকে মৃত ঘোষণা করেন।

উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অপর মারাত্মক আহত খায়রুল ইসলামের মৃত্যু হয়।

এ ঘটনার পাঁচ দিন পর উপজেলার ঘোষপুর ইউনিয়নের চর দৈত্তরকাঠি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা জামান সিদ্দিকী বাদী হয়ে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেনকে প্রধান আসামি করে শনিবার রাত সাড়ে আটটায় বোয়ালমারী থানায় মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন- গোহাইলবাড়ি গ্রামের মো. নওশের শেখ (৪৫), মাহবুবুর রহমান মুহিত (২৮), মো. আরিফুর রহমান (৩৮), আনোয়ার মোল্যা (২৪), ছানোয়ার মোল্যা (২২), হারমুজ ফকির (৩৪), ইকরাম মোল্যা (৩২), ইমাম মোল্যা (৩৪) প্রমুখ।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এজাহারনামীয় গোহাইলবাড়ি গ্রামের নওশের শেখ (৪৫), একই গ্রামের দেলোয়ার মোল্যা (৩৪), চণ্ডিবিলা গ্রামের মতিয়ার রহমান (৪২) ও দেলোয়ারকে (৪০) গ্রেপ্তার করেছে। 

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম রবিবার দুপুরে বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত