সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণফোরাম একাংশের মানববন্ধন

আপডেট : ০৮ মে ২০২২, ০৭:৫২ পিএম

সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী বুধবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গণফোরাম ঢাকা মহানগরের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

রবিবার গণফোরামের একাংশের নির্বাহী পরিষদের সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানিয়েছে দলটির সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতির এলিফ্যান্ট রোডের নিজ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, ‘দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদ থেকে দায়সারা কথাবার্তা প্রমাণ করে আপনারা জনগণের ভোটে নির্বাচিত হননি। জনগণের ভোটাধিকার রাতের আঁধারে হরণ করার মাধ্যমে ক্ষমতা দখল করে রাষ্ট্রের সর্বত্র জন-ভোগান্তি ও অরাজকতা সৃষ্টি করেছেন। সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি আমাদের বুঝিয়ে দেয় রাষ্ট্র লুটেরাদের নিয়ন্ত্রণে।’

তিনি বলেন, ‘আমরা গণবিরোধী সরকার ও লুটেরাদের বিরুদ্ধে জনগণের অধিকার আদায়ে রাজপথে লড়াই চালিয়ে যাব। গণফোরাম বিশ্বাস করে এ সংকটাপন্ন অবস্থায় দেশ ও জাতিকে উত্তরণে সব গণতন্ত্রমনা রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেআন্দোলন গড়ে তুলতে সচেষ্ট আছি।’

সভায় গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘এই অবৈধ ক্ষমতাসীন সরকার জনগণের পক্ষে কোনো কাজ করে না। শুধু তাই নয়, উল্টো কীভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিসহ নিত্য নতুন কলা-কৌশলে জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে যাচ্ছে। বিরোধী মতের নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়ন চালিয়ে আজ দেখছে দেশের জনগণ কেউ তাদের অপকর্মের পক্ষে নেই। তাই সবাইকে দমন করে মুখ বন্ধ রাখার অপচেষ্টায় লিপ্ত, কিন্তু মনে রাখবেন কখনো জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হবেন না।’

সভায় উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য মোহসীন রশিদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত