অস্ত্রোপচারের সুতা পাচারের চেষ্টা, ঢামেকে আটক ১

আপডেট : ০৯ মে ২০২২, ০২:৪৮ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রোগীদের অস্ত্রোপচার কাজে ব্যবহৃত সুতা চুরি করে বের হওয়ার সময় আবদুল হাকিম (৪০) নামে এক অফিস সহায়ককে আটক করেছে র‌্যাব।

গতকাল রবিবার দুপুর ২টার দিকে হাসপাতালের বাগান গেট থেকে কালো ব্যাগভর্তি সুতাসহ আবদুল হাকিমকে আটক করা হয়। পরে তাকে র‌্যাব-৩-এর কার্যালয়ে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আবদুল হাকিম হাসপাতালের ২১৪ নম্বর সার্জারি ওয়ার্ডে ডিউটি করেন। তিনি বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সমজাকল্যাণ ও ধর্মবিষয়ক সম্পাদক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘আজ (গতকাল) হাসপাতালের এক কর্মচারীকে সুতার প্যাকেটসহ আটক করেছে র‌্যাব। যে সুতা রোগীদের অপারেশনের সেলাই করার কাজে ব্যবহৃত হতো। এর আগেও আমাদের নিজস্ব উদ্যোগে এরকম অনেককেই ধরে পুলিশে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এই সব বেআইনি কাজে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা চাই হাসপাতাল অপরাধমুক্ত হোক। কিছু মুষ্টিমেয় লোক এই অপকর্মের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাথে আমরাও এ বিষয়ে সচেতন আছি।’

র‌্যাব-৩-এর সিইও লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের রোগীদের জন্য ব্যবহৃত ২৪ বক্স সুতাসহ এক কর্মচারীকে আটক করা হয়েছে। যার বাজার মূল্য আড়াই লাখ টাকা। হাসপাতালের ওয়ার্ড থেকে কালো একটি ব্যাগে করে সে ওই সুতা বাইরে নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করবে।’

এ বিষয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী কল্যাণ সমিতির (ঢামেক) সাধারণ সম্পাদক মো. শিপন মিয়া বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। আমাদের সংগঠনের নেতাদের সাথে কথা হয়েছে। এ বিষয় নিয়ে মিটিং ডাকা হয়েছে। অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত