কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদের গাড়িতে হামলা ও গ্রেপ্তারের নিন্দা-প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে দলটি।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।
এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, কে কিউ স্যাকলাইন, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম, গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক আমান সোবহান, গণতান্ত্রিক কৃষক দলের আহ্বায়ক এবিএম সেলিম, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খালিদ বিন জসিম, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট নিলু, ঢাকা মহানগর উত্তর এলডিপির সদস্যসচিব অবাক হোসেন রনি ও কেন্দ্রীয় এলডিপির সদস্য সোলায়মান প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাতে বিরোধী দলের কোনো নেতাকর্মী নিরাপদ নয়। তারা ড. রেদোয়ান আহমেদের জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে তার ওপর হামলা করেছে। জীবন রক্ষার্থে তিনি থানায় গিয়ে আশ্রয় নেয়ার পরও তাকে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়েছে।
বক্তারা আরও বলেন, দেশে গণতন্ত্র নেই, মানুষের কোনো অধিকার নেই। স্বৈরাচারী সরকারের পতন এখন সময়ের দাবি। এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নাই।
