দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং নির্বাচনে বিএনপিসহ সব দলই অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ব্র্যাক সিডিএম সেন্টারে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) রিভিউ সংক্রান্ত কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য বদলের দল তাই আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভের মধ্যে দিয়ে ক্ষমতায় আসতে চায় জোর করে নয়। আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে দেশ পরিচালনায় দায়িত্বে কোনো দিন আসিনি, আসা সম্ভবও নয়। কারণ আমরা একটি গণতান্ত্রিক দল, আমরা সব সময়ই নির্বাচনমুখী।
আগামী নির্বাচন এ সরকারের অধীনেই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, যেহেতু বিএনপি একটি রাজনৈতিক দল এবং গত নির্বাচনেও তারা অংশ নিয়েছে তাই আগামী নির্বাচনে তারা অবশ্যই অংশ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনে অতিরিক্ত ফি নেয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, করোনার সময়ে শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। কোনো স্কুলে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন ফি বাবদ বেশি টাকা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনে সরকার নির্ধারিত যে ফি আছে সেই ফি এর বাইরে কেউ যদি অতিরিক্ত চার্জ করে, সুনির্দিষ্টভাবে আমাদের কাছে কেউ যদি অভিযোগ করে তাহলে আমরা সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
দুদিন ব্যাপী আয়োজিত এ কর্মশালায় উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দীক, উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
