ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে দুটি উড়োজাহাজের ধাক্কা ও ক্ষয়ক্ষতির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান (প্রিন্সিপাল) প্রকৌশলীসহ পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী মোহাম্মদ বদরুল ইসলাম, প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, সৈয়দ বাহাউল ইসলাম, সেলিম হোসেন খান এবং জিএসই অপারেটর মো. হাফিজুর রহমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বুধবার রাতে তাঁদের বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ কর্মকর্তাদের বিরুদ্ধে সাময়িকভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিপূর্ণ তদন্ত শেষে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত ১০ এপ্রিল শাহজালাল বিমানবন্দরের হ্যাঙ্গারে একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ বের করার সময় আগে থেকে সেখানে থাকা আরেকটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজকে ধাক্কা লাগে। এতে দুটি উড়োজাহাজই বেশ ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় ১৩ এপ্রিল চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল তাঁদের।
