আসন্ন জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। অনুদানের ভাবনা থেকে বেরিয়ে এসে সংস্কৃতির ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে বলেও জানান তারা। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান জোটের নেতারা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহর সঞ্চালনায় লিখিত বক্তব্য দেন জোট সভাপতি গোলাম কুদ্দুছ।
সাংস্কৃতিক জোটের নেতারা জানান, অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণসহ সংস্কৃতিচর্চায় বিরাজিত সংকট ও সমস্যা মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিতে হবে। সংস্কৃতি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এই বক্তব্যের গুরুত্ব ও যৌক্তিকতা অনুভব করে যথাযথ ব্যবস্থা ও উদ্যোগ গ্রহণ করবে বলেও আশা করেন জোটের নেতারা।
লিখিত বক্তব্যে বলা হয়, সংস্কৃতিকে জাতির মনন বিকাশের সোপান বিবেচনা করে জাতীয় বাজেটের কমপক্ষে ১ শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দ করতে হবে। এই বরাদ্দের এক বড় অংশ অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণ, সংগঠনের অনুদান, শিল্পী সম্মানী এবং বিশেষ কর্মসূচি বাস্তবায়নে ব্যয় হবে। প্রতিটি উপজেলায় ৫০০ আসনের আধুনিক মিলনায়তন নির্মাণ এবং উপজেলা সদরে একটি উন্মুক্ত মঞ্চ নির্মাণেরও দাবি জানানো হয়। এ ছাড়া অসচ্ছল শিল্পীদের মাসিক অনুদানের পরিমাণ বাস্তবতার নিরিখে ১০ হাজার টাকা নির্ধারণ করা এবং এ ক্ষেত্রে ৫০ কোটি টাকা বরাদ্দেরও প্রস্তাব দেওয়া হয়।
