এলডিপি থেকে শতাধিক নেতার পদত্যাগ

আপডেট : ১৩ মে ২০২২, ০২:৩০ এএম

কর্নেল (অব.) ড. অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে শতাধিক নেতা পদত্যাগ করেছেন। দলটির সহসভাপতি ড. আবু জাফর সিদ্দিকী ও যুগ্ম মহাসচিব তমিজউদদীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

এদিকে এ বিষয়ে অলি আহমদের পক্ষে দলটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘দুষ্কৃতকারীরা দল ছাড়ায় এলডিপি পবিত্র হয়েছে। এলডিপি দেশের একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম ও ড. রেদোয়ান আহমদ এই দলের মূল আকর্ষণ। তাদের নেতৃত্বে অতীতের যেকোনো সময়ের চেয়ে এলডিপি আরও সংগঠিত ও শক্তিশালী।’

দলের নেতাদের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অলি আহমদ দেশ রূপান্তরকে বলেন, ‘আমি দেশের বাইরে অবস্থান করছি। দলের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে।’

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন সহসভাপতি ড. আবু জাফর সিদ্দিকী, উপদেষ্টা পুষ্টিবিদ ফরিদ আমিন, যুগ্ম মহাসচিব তমিজউদদীন টিটু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. ইব্রাহিম রওনক, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি এএসএম মহিউদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. আফজাল হোসেন মোর্শেদ, যুববিষয়ক সম্পাদক শফিউল বারী রাজু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক লস্কর হারুনুর রশিদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন মন্ডল, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইমরান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত