আনসার ও নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৩ মে ২০২২, ১১:২৯ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও উপজেলা নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ৪৭ বছর বয়সী ওই গৃহকর্মী। তারা হলেন- ফটিকছড়ি উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সাইদুল ইসলাম ও রামগড় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হ‌ুমায়ূন কবির।

মামলায় ধর্ষণের সহযোগী হিসেবে আরও দুজনকে আসামি করা হয়। তারা হলেন, ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়ন আনসার কমান্ডার ইয়াকুব আলী ও আরেক গৃহকর্মী শিখা শীল।

জানা যায়, উপজেলা পরিষদের পাশে ব্যক্তি মালিকানাধীন একটি ভবনের তৃতীয় তলার একটি বাসায় একই সাথে ভাড়া থাকতেন উপজেলা আনসার কমান্ডার সাইদুল ইসলাম ও নির্বাচনী কর্মকর্তা হ‌ুমায়ূন কবির। ওই বাসায় রান্নার কাজ করতেন অভিযোগকারী নারী।  

গত ২৭ মার্চ বেলা ৩টা নাগাদ অপর গৃহকর্মী শিখা শীল মোবাইলে ফোন করে ঘটনার শিকার নারীকে ওই বাসায় ডেকে আনেন। বেলা ৪টা নাগাদ হঠাৎ দুই কর্মকর্তা মিলে তাকে জোর পূর্বক ধরে নিয়ে তাদের রুমে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। এ সময় আনসার সদস্য মুহাম্মদ এয়াকুব আলী ও অপর কাজের বুয়া শিখা শীল কক্ষের বাইরে পাহারা দেয়। ধর্ষণ শেষে রক্তাক্ত ওই নারীকে ভয় দেখানো হয় কাউকে না জানাতে। পরে আনসার সদস্যদের সহায়তায় তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে চিকিৎসা করে তার বাসায় পৌঁছে দেয়া হয়।   

ঘটনার শিকার ওই নারী জানান, এ ঘটনার পর থেকে তাকে ঘর থেকে বের হতে দেয়া হয়নি। আনসার সদস্যদের মাধ্যমে তাকে পাহারা দেওয়া হয়, যাতে তিনি কোথাও যেতে না পারেন। আনসার সদস্য মোহাম্মদ সেলিমের মাধ্যমে তার চিকিৎসা বাবদ ৩ দফা ২২ হাজার টাকা পাঠায় দুই কর্মকর্তা। পরে তিনি বাসা থেকে বের হতে চাইলে অভিযুক্ত দুই কর্মকর্তা তাকে প্রাণনাশের হুমকি দেয়।'

অভিযুক্ত উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সাইদুল ইসলাম ধর্ষণের বিষয়টি অস্বীকার করে বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাকে ফাঁসানো হয়েছে।

অন্যদিকে অপর অভিযুক্ত রামগড় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হ‌ুমায়ূন কবিরকে মোবাইলে কল করা হলে এ সম্পর্কে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। ঘটনার সময় তিনি ফটিকছড়ি উপজেলা নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। গত ২৮ এপ্রিল তিনি ফটিকছড়ি থেকে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় বদলি হন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার দেশ রূপান্তরকে বলেন, আনসার কর্মকর্তা ও নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত