১৫ মে আই থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে ইভান মনোয়ার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বনলতা’। এই ছবি নিয়ে আগ্রহ বেড়েই চলেছে সিনেপ্রেমীদের মধ্যে। তবে মুক্তির আগেই ‘বনলতা’ টিমের কাছে এল দুর্দান্ত এক খবর। খবরটি হল, ’বনলতা' দেখানো হবে ‘লন্ডন রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালে'।
আই থিয়েটারের ব্যানারে নির্মিত শর্ট ফিল্ম ‘বনলতা’য় জীবন চরিত্রে অভিনয় করেছে শাহেদ শরীফ খান ও লতা চরিত্রে সিনথিয়া ইয়াসমিন।
ঢাকার উত্তরা আপনঘর শুটিং হাউস,দিয়া বাড়ি, ধানমন্ডি মডেল থানা, ধানমন্ডি ৩২ নম্বর, ২৮ নম্বর রোডসহ বিভিন্ন জায়গায় এর শুটিং হয়েছে। ফিল্মটিতে মিউজিক কম্পোজ করেছে আহমেদ সৌরিন। কণ্ঠ দিয়েছে সেওতি।
নির্মাতা বলেন, ‘জীবনানন্দ দাশের বনলতাকে ভেঙে এই সময় ক্যামেরায় বন্দী করেছি। এই শহরে যাপিত জীবন সম্পর্কের মধ্য যে দূরত্ব তৈরি হয়েছে তা এবং দূরত্ব কমিয়ে কাছে আসবার গল্প ‘বনলতা’।
এর আগে ইয়ুথ বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে হয়েছে ছবিটির স্ক্রিনিং। সেই স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন সিনেমাপ্রেমী দর্শকেরা। ইভান মনোয়ার'র ছবি দেখে ভূয়সী প্রশংসা করেছিল সবাই।
