সাগরে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ মে ২০২২, ০৪:০৫ পিএম

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ সাইদুল ইসলাম জহির (২৮) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

তিন দিন পর রবিবার দুপুর দেড়টার দিকে মহেশখালী চ্যানেলের শাপলাপুর ঘাট থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

ঘটনাস্থলে থাকা নিহতের ভাই জমির মরদেহটি শনাক্ত করেন। 

গত শুক্রবার দুপুরে পাঁচ বন্ধু কক্সবাজার ভ্রমণে এসে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। এ সময় নিখোঁজ হয়ে যান জহির। তাকে খুঁজে না পেয়ে বন্ধুরা বিষয়টি টুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীদের জানানোর পর তার বন্ধু ও স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খোঁজ করতে থাকেন। অবশেষে তিন দিন পর রবিবার মহেশখালী থেকে তার মরদেহটি খুঁজে পায়। 

নিহত জহির চট্টগ্রামের লোহাগাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। 

মহেশখালী থানার ওসি আব্দুল হাই কক্সবাজার থেকে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যথায় ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। 

ঘটনার সময় সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত লাইফগার্ড কর্মী মো. শুক্কুর জানিয়েছিলেন, শুক্রবার দুপুরে ভাটার সময় সাগরে বেশ স্রোত ছিল। এ সময় প্রচুর পর্যটক সাগরে গোসল করছিলেন। তবে জহিরের ভেসে যাওয়ার ঘটনাটি কারও চোখে পড়েনি। ফলে উদ্ধার তৎপরতা চালানো যায়নি। বিকেলে নিখোঁজের বিষয়টি তাদের জানানো হয়েছিল। 

নিখোঁজ পর্যটকের বন্ধু সাকিব বলেন, জহির ও তার খালাতো ভাই শামসুল এক সঙ্গে সাগরে নামেন। শামসুল গভীর পানিতে নেমে গেলেও জহির সাঁতার না জানায় সে পেছনে কোমর পানিতে ছিল। এর ঘণ্টাখানেক পর থেকে তারা জহিরকে খুঁজে না পেয়ে টুরিস্ট পুলিশকে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত