জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া এখন ব্যস্ত রয়েছেন স্টেজ শো ও নতুন গান নিয়ে। গান ও অন্যান্য বিষয় নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান।
সাম্প্রতিক ব্যস্ততা কি নিয়ে?
এই মুহূর্তে স্টেজ শো ও টিভি শো নিয়েই ব্যস্ত আছি। রমজান শুরুর আগ পর্যন্ত বেশ কিছু স্টেজ শো করেছি। ঈদের পর আবারও স্টেজ শো করছি। বলা যায় স্টেজ শো’র অবস্থা আবারও ভালো হতে শুরু করেছে। যদিও শীতের সিজনে বেশি স্টেজ শো হয়। কিন্তু তুলনামূলকভাবে স্টেজ শো’র পরিমাণ ভালো আছে।
নতুন গানের কি খবর?
বেশ কিছু গান তৈরি হয়ে আছে আমার। এগুলো বছরের নির্দিষ্ট সময় পর পর প্রকাশের ইচ্ছে রয়েছে। সম্প্রতি ‘শাকালাকা মন’ প্রকাশিত হয়েছে আরটিভি মিউজিকে। দ্রুতই আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি গান প্রকাশ হবে। নাম ‘তোমাকে যে চাই’। বাঁধন ফিচারিং আমার এ গানটি বেশ ভিন্ন ধাঁচের। আশা করছি গানটি প্রকাশ হলে ভালো লাগবে সবার।
‘দেখলে তোরে’ গানটি নিয়ে এখনো মাঝে মাঝে পোস্ট দেন। সাড়া কি প্রচুর পাচ্ছেন?
‘দেখলে তোরে’ গানটি অনেক আগে প্রকাশিত হলেও এখনো এই গানটির জন্য প্রচুর প্রশংসা পাচ্ছি। প্রচুর রেসপন্স আসছে। সব মিলিয়ে গানটা বেশ ভালোই সাড়া ফেলেছে।
গানের প্রযোজনা সংস্থাগুলো এখন নাটক নির্মাণে ব্যস্ত। সংগীতাঙ্গনে এটা কোনো নেতিবাচক প্রভাব ফেলছে কিনা?
কোম্পানিগুলোকে তো বিজনেস করতে হবে। একটা গানের পেছনে অনেক খরচ। গান তৈরি করা মিউজিক করা, ভিডিও বানানো-সব মিলিয়ে প্রচুর খরচ করতে হয়। আর এখন কিন্তু মানুষ সরাসরি অডিও কিনছে না, এখন ভিডিওর মাধ্যমেই গান মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ইউটিউবে কিন্তু আপনার মিলিয়ন ভিউস হলেও কিন্তু ওইভাবে রিটার্ন আসে না । কিন্তু নাটক কিন্তু আধা ঘণ্টা বা এক ঘণ্টার ডিউরেশনের হয়ে থাকে। ফলে ওইখান থেকে সবচেয়ে বেশি রেসপন্স আসে। এ জন্য কোম্পানিগুলো নাটকের দিকে ঝুঁকেছে। আবার এখন কিন্তু প্রত্যেক শিল্পী নিজেরাই ইউটিউব চ্যানেল চালু করেছে। তারা নিজেদের ইউটিউব থেকেও আয় করছে। ফলে আয়ের জন্য শুধু মাত্র কোম্পানিগুলোর উপর তাদেরকে নির্ভর করতে হচ্ছে না। আবার কিছু কিছু কোম্পানি কিন্তু কম করে হলেও ভালো ভালো গান নির্মাণ করছে। ফলে গানের কোম্পানিগুলো নাটকের দিকে ঝুঁকে পড়ায় খুব একটা যে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে তা কিন্তু নয়।
আপনার নিজের ইউটিউব চ্যানেল কেমন চলছে? ইউটিউবের আয়ে সার্ভাইব করতে পারছেন কিনা?
আমার ইউটিউব চ্যানেলে রেসপন্স ভালো আসছে। কিন্তু আপনি যেটা বললেন শুধু ইউটিউব থেকে আয় করে সার্ভাইব করা সম্ভব কিনা, সে বিষয়ে বলব, এই মুহূর্তে সেটা সম্ভব না। বেশ কিছু গান নিজের চ্যানেলে আপ করছি, ফেসবুকেও দিচ্ছি। কিন্তু এখন বেশি নির্ভর করতে হচ্ছে শোগুলোর উপরেই।
ব্যক্তি জীবন কেমন কাটছে?
ব্যক্তি জীবনও ভালো কাটছে। আমি আমার গান নিয়ে ব্যস্ত। আমার স্বামীও তার মতো ব্যস্ত। যেহেতু দুজনেই একই মাধ্যমে কাজ করি ফলে তেমন কোনো সমস্যা হচ্ছে না। নিজেরা নিজেদের ব্যাপারগুলো বুঝতে পারি। সব মিলিয়ে ব্যক্তি জীবনও ভালো কাটছে।
