ক্রীড়া ক্ষেত্রে ২০২১ সালে বিশেষ অবদান রাখা ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, কোচ, পৃষ্ঠপোষকদের স্বীকৃতি জানাতে যাচ্ছে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।
এবার বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, ফুটবলার তপু বর্মন ও আর্চার দিয়া সিদ্দিকী।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের জন্য মিরাজ ও তপু ছাড়াও মনোনয়ন পেয়েছেন নারী ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা।
আগামী ৩ জুন নগরীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্বীকৃতি জানানো হবে ১৬ বিভাগের ১৯ ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠনকে।
ষষ্ঠবারের মতো বিএসপিএ’র এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার টয়লেট্রিজের জনপ্রিয় ব্র্যান্ড কুল।
মঙ্গলবার এ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে ঘোষিত হয়েছে পুরস্কারের জন্য মনোনীতদের নাম।
২০২১ সালের সেরা ক্রিকেটার হয়েছেন মিরাজ, সেরা ফুটবলার তপু, সেরা আর্চার দিয়া, সেরা হকি খেলোয়াড় সোহানুর রহমান সবুজ, সেরা সাইক্লিস্ট ফয়সাল হোসেন, সেরা বডিবিল্ডার মাকসুদা আক্তার মৌ, বর্ষসেরা নারী ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা।
এ ছাড়া উদীয়মান ক্রীড়াবিদ তিনজন- ক্রিকেটার শরিফুল ইসলাম, হাই জাম্পার রিতু আক্তার ও নিউজিল্যান্ড প্রবাসী জিমন্যাস্ট আলী কাদের হক।
সেরা সংগঠক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। ক্রীড়াক্ষেত্রে দীর্ঘ সময় নানা পরিচয়ে অবদান রাখায় বিশেষ সসম্মাননা পাচ্ছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক আবদুল গাফফার এবং তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব সাতক্ষীরা ফুটবল কোচ আকবর আলী ও মাদারীপুরের ক্রিকেট সংগঠক আমিরুজ্জামান আমির বাবু।
সেরা সংগঠন পুরস্কার পাবে দাবা ফেডারেশন ও সেরা পৃষ্ঠপোষক আমরা নেটওয়ার্ক লিমিটেড।
২০২০ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলকেও সংবর্ধণা জানানো হবে এই অনুষ্ঠানে। বর্ষসেরা ক্রীড়াবিদ ও পপুলার চয়েজ অ্যাওয়ার্ড বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। ২০ থেকে ৩০ মে বিএসপিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের জন্য ভোট দেওয়া যাবে।
মঙ্গলবার এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসপিএ’র সভাপতি সনৎ বাবলা, সাধারণ সম্পাদক সামন হোসেন ও পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান।
