ডনবাসকে নরকে পরিণত করেছে রাশিয়া: জেলেনস্কি

আপডেট : ২০ মে ২০২২, ১২:৩৯ পিএম

পূর্ব ডনবাস অঞ্চলকে ‘নরকে’ পরিণত করেছে রাশিয়া। তীব্র লড়াই চলা অঞ্চলটি নিয়ে এ দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তিনি আরও বলেন, ডনবাস সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। খবর বিবিসি।

রাজধানী কিয়েভে ‍বৃহস্পতিবার রাতের ভাষণে তিনি বলেন, ওডেসা অঞ্চল, মধ্য ইউক্রেনের শহরগুলোতে অবিরাম হামলা চলছে এবং ডনবাস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। পুরো এলাকা আক্রমণের কারণে সমতলে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার কিয়েভের উত্তরে চেরনিহিভ অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র দেশনা গ্রামে আঘাত করে বলে জানান জেলেনস্কি। বেলারুশের সীমান্ত থেকে ৪০ মাইল দূরের এ গ্রামে অনেক মানুষ নিহত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জেলেনস্কি বলেন, এটি যতটা সম্ভব ইউক্রেনীয়কে হত্যা করার ইচ্ছাকৃত ও অপরাধমূলক প্রচেষ্টা। তারা বাড়িঘর ও অন্যান্য কাঠামো ধ্বংস করছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে ডনবাসে আক্রমণ তীব্র করার এবং বেসামরিক নাগরিকদের পালাতে বাধা দেওয়ার অভিযোগ এনেছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। বর্তমানে কিয়েভের কাছে থেকে বাহিনী প্রত্যাহার করে পূর্ব ইউক্রেনের দিকে মনোযোগ দিয়েছে দেশটি।

ডনবাস ইউক্রেনের পুরোনো শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, এখানকার যুদ্ধ সম্ভবত রাশিয়ার আক্রমণের ভাগ্য নির্ধারণ করবে।

অঞ্চলটিতে রুশ ভাষার আধিপত্য হয়েছে। রাশিয়া বারবার এই অঞ্চলটিকে ‘মুক্ত করার’ কথা বলে আসছে। এখানে রয়েছে দুটি স্ব-ঘোষিত প্রজাতন্ত্র লুহানস্ক ও ডোনেস্টস্ক পিপলস রিপাবলিকস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত