মৌলভীবাজারের কুলাউড়ায় হুসনা আক্তার (২২) নামে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
হুসনা উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের দক্ষিণ লালারচক গ্রামের প্রবাসী আব্দুল মালেকের মেয়ে।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হুসনার বাড়িতে যান কুলাউড়া থানার এসআই শাহ্ আলম। তিনি দেশ রূপান্তরকে জানান, বুধবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে শমসেরনগর বাজারে যায় হুসনা। সেখানে হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায়।
এ সময় হুসনা পানি খেতে চায়। তখন তার মা দ্রুত গাড়ি থেকে নেমে দোকান থেকে পানি কিনে আনেন। পানি পানের সঙ্গে সঙ্গে হুসনার শরীরের অবস্থা আরও অবনতির দিকে যায়। দ্রুত তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, বৃহস্পতিবার সকালে হুসনার মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তে প্রতিবেদন পাওয়ার পর হুসনার মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।
এ ছাড়া হুসনার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পরিবার সূত্রে জানা যায়, তেলিবিল এলাকার হাজী ফারুক মিয়ার ছেলে মুকিত মিয়ার সঙ্গে বৃহস্পতিবার (১৯ মে) হুসনার বিয়ের দিন ধার্য ছিল। কিন্তু হঠাৎ করে বিয়েটা ভেঙে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন হুসনা।
