ভারতে মুসলমান ভেবে এক জৈন বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট : ২১ মে ২০২২, ০৪:৪৩ পিএম

ভারতের মধ্যপ্রদেশের মানসা এলাকার নিমাচে মুসলমান ভেবে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এই ঘটনার অভিযুক্তকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে। অভিযুক্তের নাম দীনেশ কুশওয়াহা। সে নিমাচের এক বিজেপি নেত্রীর স্বামী বলে জানা গেছে।

ইন্টারনেটে এই হত্যাকাণ্ডের একটি ভাইরাল হয়েছে। ভিডিওতে এক বৃদ্ধকে মারধর করতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে এলোপাথাড়ি মারধর করছে এক ব্যক্তি। ওই বৃদ্ধের কাছে প্রথমে আধার কার্ড দেখতে চায় হামলাকারী। এরপর জিজ্ঞেস করে, ‘তোর নাম কি মোহাম্মদ, জাবড়া থেকে এসেছিস?’

এর পরই ওই বৃদ্ধের গালে একের পর এক চড় মারতে দেখা যায় হামলাকারীকে। ভিডিওতে আরো দেখা গিয়েছে, আচমকা হামলায় হতভম্ব হয়ে যান ওই বৃদ্ধ। তিনি হামলাকারীকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতে পরিস্থিতি আয়ত্তে আসেনি তার। হামলাকারীর বেদম প্রহারে ওই বৃদ্ধের মৃত্যু হয়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই হামলাকারীকেও চিহ্নিত করা হয়েছে।

পরে জানা যায়, নিহতের নাম ভবরলাল জৈন। নিহতের মৃতদেহ শনাক্ত করেন তার ভাই রাকেশ জৈন। জানা গিয়েছে, অভিযুক্ত দীনেশের স্ত্রী নিমাচের বিজেপি নেত্রী। তার বিরুদ্ধে খুন-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত