খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সদ্য সাবেক কমিটির নেতারা। নতুন ঘোষণা করা কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে গতকাল শনিবার দুপুরে রামগড় উপজেলা বিএনপির সাবেক কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করে তা বাতিলের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া নিয়মনীতির তোয়াক্কা না করে দলের গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পকেট কমিটি ঘোষণা করেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, সৌজন্য সাক্ষাতের কথা বলে গত ১৯ মে কিছু লোকজনকে রামগড় থেকে খাগড়াছড়ি নিয়ে সাবেক এমপি ও বর্তমান জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া পকেট কমিটি ঘোষণা করেন। এ বিষয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, শহীদুল ইসলাম ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাই তাকে কমিটিতে রাখা হয়নি। দলের গঠনতন্ত্র মেনেই কমিটি করা হয়েছে।
