যুক্তরাজ্যে প্রতিদিনই বাড়ছে বিরল মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ। এবং এই সংক্রমণ পশ্চিম আফ্রিকার কোনও দেশে ভ্রমণের সঙ্গেও যুক্ত নয়। ব্রিটেনে এখন স্থানীয়ভাবেই ছড়াতে শুরু করেছে মাঙ্কিপক্স। পশ্চিম আফ্রিকায় এই রোগটি ইতিমধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) জানিয়েছে, শুক্রবার দেশটিতে নতুন করে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন ২০ জন। সোমবার নতুন পরিসংখ্যান প্রকাশ করা হবে।
ব্রিটেনে মাঙ্কিপক্সের কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিক সংক্রমণ শুরু হয়েছে কিনা জানতে চাইলে ইউকেএইচএসএর প্রধান চিকিৎসা উপদেষ্টা সুসান হপকিন্স বলেন, ‘একেবারেই তাই’।
তিনি বিবিসি টেলিভিশনকে বলেন, ‘আমরা এমন রোগীও খুঁজে পাচ্ছি যারা পশ্চিম আফ্রিকার কোনও দেশে ভ্রমণ করেননি বা সেখান থেকে আসা কোনও ব্যক্তির সঙ্গেও তাদের কোনো ধরনের যোগাযোগ নেই। প্রতিদিনই আমরা নতুন নতুন রোগীর সন্ধান পাচ্ছি’।
মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে কোনো রোগীকে হাসপাতালের আইসিইউতে ভর্তি হতে হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে হপকিন্স জানান, এমন কোনো খবর তার কাছে এখনো আসেনি। হপকিন্স জানান, মূলত শহুরে এলাকার সমকামী ও উভকামী পুরুষদের মধ্যেই মাঙ্কিপক্স ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, ‘সাধারণ জনগণের মধ্যে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনো অনেক কম। তবে, আমি মনে করি লোকের এটি সম্পর্কে সতর্ক হওয়া দরকার’।
তিনি জানান, বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এর লক্ষণগুলো ‘তুলনামূলকভাবে হালকা’ হয়।
যুক্তরাজ্যে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয় গত ৭ মে। ওই রোগী এর আগে নাইজেরিয়ায় ভ্রমণ করেছিলেন। সেখান থেকেই তিনি এই ভাইরাসে আক্রান্ত হন বলে ধারণা করা হয়। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ এবং উত্তর আমেরিকাতেও এই রোগ ছড়িয়ে পড়ছে।
আক্রান্ত ব্যক্তির ত্বকের ক্ষত এবং সেখান থেকে বের হওয়া রস বা পুঁজ এবং রোগীর ব্যবহৃত বিছানা ও তোয়ালের মাধ্যমেই মূলত এই ভাইরাস ছড়ায়।
কাঁপুনি দিয়ে জ্বর, মাথা যন্ত্রণা, পেশিতে ব্যথা, গায়ে-হাত-পায়ে ব্যথার মতো কিছু প্রাথমিক উপসর্গতো রয়েছেই। এছাড়াও মাঙ্কি পক্সে আক্রান্ত হলে শরীরের বিভিন্ন লসিকা গ্রন্থি ফুলে ওঠে। শরীরে ছোট ছোট অসংখ্য ক্ষতচিহ্নের দেখা মেলে। ক্রমশ সেই ক্ষত আরও গভীর হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়তে থাকে।
গুটি বা জল বসন্তের সঙ্গে মাঙ্কি পক্সের উপসর্গের দিক থেকে সাদৃশ্য থাকায় অনেকেই প্রাথমিক পর্যায়ে এই রোগকে বসন্ত বা চিকেন পক্স বলে ভুল করছেন।
মাঙ্কিপক্স রোগের জন্য এখনো সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি। তবে ডব্লিউএইচও জানিয়েছে, স্মলপক্স বা জলবসন্তের জন্য ব্যবহৃত টিকা মাঙ্কিপক্স প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকর।
যুক্তরাজ্যের শিক্ষা সচিব নাদিম জাহাভি বলেছেন, যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে গুটিবসন্তের ভ্যাকসিন কিনে মজুদ করা শুরু করেছে।
তিনি বিবিসিকে বলেন, ‘আমরা এই ভাইরাসকে খুব গুরুত্ব সহকারেই বিবেচনা করছি’।
আরও পড়ুন...
মাঙ্কিপক্স বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ইউরোপে আশঙ্কাজনক হারে ছড়াচ্ছে মাঙ্কিপক্স
