ইউআইইউ এবং ইউল্যাব এর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ২২ মে ২০২২, ০৮:৩৪ পিএম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) -এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ২১ মে ২০২২ (শনিবার) ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মানিত সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. দিল আফরোজা বেগম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান এবং ইউল্যাবের উপাচার্য প্রফেসর ড. ইমরান রহমান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউআইইউর ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং ইউআইইউ’র সাবেক ভিসি প্রফেসর ড. এম রিজওয়ান খান।

ইউআইইউর উপাচার্য এবং ইউল্যাবের উপাচার্য নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইউআইইউ-এর প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাশেম মিয়া, ইউল্যাব-এর প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর শামসাদ মর্তুজা সহ শিক্ষক-শিক্ষিকা ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সমঝোতা চুক্তি অনুযায়ী দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা সহযোগিতার মাধ্যম গবেষণা উন্নয়নের কাজ করবে এবং সম্মিলিত গবেষণাগুলোকে উচ্চ মানের প্রকাশনায় প্রকাশ বা স্বনামধন্য জার্নালে ইনডেক্সভূক্ত করবে। উভয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বারদের বিভিন্ন গবেষণায় যৌথ ভাবে গবেষণা অনুদান প্রদান করবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ (আইএআর) ইউনাইটেড গ্রুপের সক্রিয় আর্থিক সহায়তায় বিভিন্ন বিষয়ক গবেষণার ক্ষেত্রে গুণগত গবেষণা ও গবেষণা কার্যক্রমকে উন্নীত করার লক্ষে গবেষকদের জন্য গবেষণা ও উন্নয়ন তহবিল প্রদানের অগ্রণী ভূমিকা পালন করে। ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ (আইএআর) ২০১৯ সাল থেকে ৪৫ মিলিয়ন টাকারও বেশি বিভিন্ন গবেষণায় প্রদান করেছে। ইউআইইউ’র আইএআর জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলির সাথে সম্মিলিত গবেষণা সহযোগিতার পাশাপাশি গবেষণা অনুদান প্রদান করেছে। বর্তমানে আইএআর বছরে দুবার গবেষণা অনুদান প্রদান করে এবং ৬০টিরও বেশি গবেষণা প্রকল্প চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত