কক্সবাজার ইউনিভার্সিটি ভর্তি করতে পারবে না নতুন শিক্ষার্থী

আপডেট : ২৪ মে ২০২২, ০২:৫০ এএম

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নতুন শিক্ষার্থী ভর্তি পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত ১৭ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে কমিশন। বর্তমান ক্যাম্পাস শিক্ষার্থীবান্ধব না হওয়ায় ক্যাম্পাস স্থানান্তর না করা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থা দেখতে ইউজিসির তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শন করে। শ্রেণিকক্ষসহ ক্যাম্পাসের কোনো কক্ষই শিক্ষার্থীবান্ধব নয়। শ্রেণিকক্ষে প্রাকৃতিক আলো প্রবেশ ও বায়ু চলাচলের কোনো ব্যবস্থা নেই। ভবনটি শহরের ব্যস্ততম সড়কগুলোর মোড়ে অবস্থিত। এর সামনের সড়ক মারাত্মক দুর্ঘটনাপ্রবণ। সেখানে মাঝেমধ্যেই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

চিঠিতে আরও বলা হয়, নিরিবিলি পরিবেশে যথাযথভাবে ক্যাম্পাস স্থানান্তর করতে হবে। সে পর্যন্ত নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণে আইন অনুযায়ী দুই একর নিষ্কণ্টক, অখ- ও দায়মুক্ত জমি কিনতে হবে। অন্যথায় সাময়িক সনদের মেয়াদ আর বাড়ানো হবে না। সাময়িক সনদের মেয়াদের মধ্যে এ কাজ শেষ করতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত