ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার ক্ষোভে কলেজছাত্রীর আত্মহত্যা

আপডেট : ২৭ মে ২০২২, ১০:২০ পিএম

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এক কলেজছাত্রীর (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশের গ্রামের এক বখাটে ফেসবুকে ওই ছাত্রীর আপত্তিকর ছবি ছেড়ে দেওয়ায় লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করেছে বলে জানায় পরিবারের লোকজন।

শুক্রবার সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোনিয়া মোহনগঞ্জ মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

আর ওই বখাটে পার্শ্ববর্তী বাসাউড়া গ্রামের কান্দারবাড়ির গার্মেন্টকর্মী শাকিল (২২)।
ছাত্রীর বাবা খোকন মিয়া শুক্রবার বিকেলে শাকিলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

সোনিয়ার ফুফু ও মামা জানান, বেশ কবছর ধরে গার্মেন্টকর্মী শাকিল ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে বন্ধুদের নিয়ে কৌশলে জোরপূর্বক ওই ছাত্রীর আপত্তিকর ছবি তুলে শাকিল। সম্পর্কে জড়াতে না চাইলে প্রতিশোধ নিতে ফেসবুকে সেই ছবি ছড়িয়ে দেয় শাকিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে বিব্রতকর অবস্থায় পড়ে পরিবারটি। সর্বশেষ বিভিন্ন কথাবার্তা লিখে মেয়েটিকে হুমকি দেয় শাকিল। ফলে লোকলজ্জা এড়াতে আত্মহননের পথ বেছে নেয় সে।

তারা জানান, শুক্রবার সকালে নিজ কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় সোনিয়াকলেজছাত্রী। দরজা ভেঙে লোকজন তাকে ঘরের একটি আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে বক্তব্য জানার জন্য অভিযুক্ত শাকিলকে পাওয়া যায়নি। 

বারহাট্টা থানার ওসি মুহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শাকিলের বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত