টাঙ্গাইলের পৌর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে সিলগালা এবং আরও ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযানটি দুপুর সাড়ে ১২টার দিকে শেষ হয়। অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুআরা খাতুন।
অভিযান বিষয়ে তিনি বলেন, যথাযথ আইন অনুসরণ না করে পরিচালিত হওয়ায় পদ্মা, আমানত ও স্বদেশ নামের ৩ প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। একইসঙ্গে ডিজিল্যাবকে ৩০ হাজার, দি সিটিকে ২০ হাজার ও কমফোর্ট নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, এর মধ্যে ডিজিল্যাব নামের প্রতিষ্ঠানে রোগী ভর্তি থাকায় তাদের ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে। রোগী সরিয়ে নিলেই আগামীকাল তা সিলগালা করে দেওয়া হবে। অবৈধ, অনুমোদনহীন ও যথাযথ আইন অনুসরণ না করা সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। অভিযান পরিচালনাকালে জেলা সিভিল সার্জন অফিসের সদস্যরাও উপস্থিত ছিলেন।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলার ৩ শতাধিক প্রতিষ্ঠানের মধ্যে ১৮১টি প্রতিষ্ঠানই অনুমোদনহীন।
