শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আপডেট : ২৯ মে ২০২২, ০৩:৪৬ পিএম

এক ভয়াবহ অগ্নিকাণ্ডে হবিগঞ্জের শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুত কেন্দ্রের দুইটি ইউনিট ট্রান্সফার পুড়ে গেছে। রবিবার সকাল সাড়ে ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর দমকল বাহিনীর ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে কেন্দ্রের চীফ ইন্জিনিয়ার মিহানুর রহমান প্রাথমিকভাবে ধারণা করছেন শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

একটি অসমর্থিত সূত্র জানায়, ট্রান্সফরমারের কাছে গজিয়ে উঠা ঘাস ও আবর্জনা পুড়িয়ে ফেলার সময় হঠাৎ আগুন একটি ট্রান্সফরমারে লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশ্ববর্তী আরেকটি ট্রান্সফরমার ও এসটিজি হল ও কন্ট্রোল রুমে ছড়িয়ে পড়ে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই কেন্দ্রে ১১০ মেগা ওয়াটের দুটি গ্যাস টারবাইন ও একটি ১১০ মেঃ ওয়াট একটি স্টিম টারবাইন রয়েছে। আগুনে ওই কেন্দ্রের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম আসার পর নিরুপণ করা যাবে। 

এদিকে আগুনের খবর পেয়ে হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগন্জ থেকে ৫টি দমকল ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা পানি দিয়ে আগুন নেভাতে ব্যর্থ হলে পরবর্তীতে পাশে থাকা আরএফএলের অগ্নি নির্বাপক বিভাগ সেখানে গিয়ে ফোম মেরে আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকাণ্ডের পর থেকে জাতীয় গ্রিডে ৩৩০ মেওয়াট বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী মিজানুর রহমান। কবে নাগাদ চালু হবে তা নিশ্চিত করতে পারেননি।

তবে পুরনো ৯০ মেগা ওয়াট বিদ্যুত উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুত সরবরাহ অব্যাহত রয়েছে। ঢাকা থেকে বোর্ড মেম্বার আশরাফুল ইসলাম শাহজীবাজারের রওয়ানা হয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। 

ঘটনা তদন্তের জন্য ১০০ মেঘাাওয়াট উৎপাদন কেন্দ্রের ম্যানেজার প্রকৌশলী মফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে ৪ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত ২০১৭ সালের ১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত