ফেনীতে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে আড্ডা দেওয়ায় স্কুল-কলেজের ২৫ শিক্ষার্থীকে আটক করে ফেনী মডেল থানার পুলিশ।
গতকাল রবিবার দুপুরে শহরের মহিপাল বিজয় সিংহ দিঘিরপাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ১১ ছাত্রী এবং ১৪ ছাত্র।
এ সময় বেশ কিছু শিক্ষার্থী পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীরা বিভিন্ন সময় ক্লাস ফাঁকি দিয়ে বিজয় সিংহ দিঘি এলাকায় আড্ডা দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, স্কুল ও কলেজ চলাকালে শিক্ষার্থীরা পার্কে বা বিনোদনেকেন্দ্র ঘুরতে আসে। অনেক সময় নোংরামিতে জড়িয়ে পড়ে অনেক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। আটক শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং ক্লাস ফাঁকি দিয়ে বেড়ানোর কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তাদের অভিভাবকদের মোবাইল ফোনের মাধ্যমে খবর দেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়।
তিনি বলেন, মা-বাবা সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে নিশ্চিন্তে থাকেন। কিন্তু তাদের চোখ এড়িয়ে তারা সময় কাটায় ভিন্ন স্থানে। শিক্ষক ও অভিভাবকদের এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন তিনি।
