জিয়ার আদর্শে ‘কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সংগ্রামের’ প্রতিশ্রুতি এলডিপির

আপডেট : ৩০ মে ২০২২, ০২:৩২ পিএম

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সোমবার (৩০ মে) জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধাজ্ঞাপনের পর সাংবাদিকদের সামনে এলডিপির নেতারা এই মনোভাব প্রকাশ করেন।

দলটির সভাপতি আবদুল করিম আব্বাসী জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে একসঙ্গে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান।

মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘জিয়াউর রহমানের কারণে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে দেশে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে তিনি অর্থনৈতিকভাবে উন্নত করেছেন। তার রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলের কারণে  বাংলাদেশ স্বমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে। কিন্তু চক্রান্তকারীরা দেশকে এগিয়ে নেওয়ার পথ বাধাগ্রস্থ করতে তাকে শহীদ করেছে।’

‘তবুও জিয়াউর রহমান চিরজাগরুক’ উল্লেখ করে সেলিম বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা।  বর্তমান অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসনকে সরিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তার আদর্শই বাঙালীকে পথ দেখায়। আগামী দিনে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কর্তৃত্ববাদী শাসনের মোকাবিলা করতে হলে তার রাজনৈতিক আদর্শের কোনো বিকল্প নাই।’

বিএনপির আনুষ্ঠানিক শ্রদ্ধাজ্ঞাপনের পর সোমবার সকালে জিয়াউর রহমানের কবরে এলডিপির নেতারা পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় কেন্দ্রীয় নেতা তমিজ উদ্দিন টিটু, এমএ বাশার, চাষী এনামুল হক, একেএম মহিউদ্দিন, রাশেদুল হক, এসএম বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত