যুক্তরাজ্যে মাঙ্কিপক্সের সামাজিক বিস্তার

আপডেট : ০৩ জুন ২০২২, ১২:১৫ এএম

বিশ্বের ৩০টি দেশে মাঙ্কিপক্স রোগটি ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত শনাক্ত ও সন্দেহভাজন মিলিয়ে ৫৫০ জনের বেশি রোগী পাওয়া গেছে যার বেশিরভাগই ইউরোপ অঞ্চলের। ফলে অঞ্চলটির দেশে দেশে এ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (ইউকেএইচএসএ) জানিয়েছে, ইংল্যান্ডে ব্যক্তি থেকে ব্যক্তিতে মাঙ্কিপক্সের বিস্তার ঘটছে।

গত বুধবার যুক্তরাজ্যের সংস্থাটি বলেছে, এই প্রথম ইংল্যান্ডে ব্যক্তি থেকে ব্যক্তিতে ভাইরাসটি ছড়াচ্ছে। এসব ব্যক্তির মধ্যে কেউ পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে ভ্রমণে গিয়েছিল কি না তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ইউকেএইচএসএ’র তথ্যানুযায়ী, এ পর্যন্ত যুক্তরাজ্যে এ রোগে আক্রান্ত ১৩২ জন শনাক্ত হয়েছে, তাদের অধিকাংশই লন্ডনের বাসিন্দা। এদের মধ্যে ১১১ জন সমকামী, উভকামী অথবা অন্য ব্যক্তি যারা পুরুষদের সঙ্গে যৌন সংসর্গ করেছিল (জিবিএমএসএম)। আক্রান্তদের মধ্যে মাত্র দুজন নারী। এখনো পর্যন্ত ইউকেএইচএসএ গে বার, সাউনাস এবং ব্রিটেনে ও বিদেশে ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে মাঙ্কিপক্স আক্রান্তদের সম্পর্ক খুঁজে পেয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। পশ্চিম ও মধ্য আফ্রিকার স্থানীয় মাঝারি উপসর্গের ভাইরাল এ রোগটি ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ছড়ায় বলে ধারণা পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত