ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে সাফা মারিয়াম (৯) ও মানসুরা মীম (৮) নামে মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোহনা গ্রামে ঘটনাটি ঘটেছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহনা গ্রামের দারুল উলুম হুসাইনীয়া মাদ্রাসার শিক্ষকরা পাশের সৌদিয়া মসজিদে জোহরের নামাজ পড়তে যান।
এ সময় ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোহনা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে সাফা মারিয়াম ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী পনাশাইল গ্রামের আজহারুল ইসলামের মেয়ে মানসুরা মীম মাদ্রাসার পাশে গাছের নিচে খেলা করছিল। দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ বজ্রপাত হলে সাফা মারিয়াম ঘটনাস্থলে মারা যায়। মানসুরা মীমকে ভালুকা ৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বাদশা।
