০৩ জুন— দিনটির বিশেষ গুরুত্ব আছে রাফায়েল নাদালের জীবনে। এই দিনেই পৃথিবীতে এসেছিলেন স্প্যানিশ টেনিস তারকা। দেখতে দেখতে ৩৬ বছরও পূর্ণ করে ফেললেন। আজ নাদালের জন্মদিন।
এমন দিনে প্রিয় কোর্ট রোঁলা গাঁরোতে তিনি মুখোমুখি হবেন আলেক্সান্দার জাভেরভের। আর জন্মদিনে যদি তৃতীয় বাছাই জার্মানকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের টিকিট পান, তারচেয়ে নিজের জন্য বড় উপহার আর কী হতে পারে!
অন্যতম প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচকে হারিয়ে শেষ চারে ওঠেছেন নাদাল। ক্যারিয়ারের ১৪তম ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল নিশ্চিত করতে শুক্রবার সন্ধ্যায় তার জয় চায় জাভেরভের বিপক্ষে। কিন্তু দুশ্চিন্তা নিয়েই লড়ার জন্য প্রস্তুত হচ্ছেন ক্লে-কোর্টের রাজা। দীর্ঘদিন ধরে পায়ের যে চোটে ভুগছেন, তার এখনো ‘সমাধান’ খুঁজে পাননি।
এই চোটের ব্যথা যদি বাড়তে থাকে তবে মুশকিল হবে নাদালের জন্য। সামনে যে তার ২২তম গ্র্যান্ড স্ল্যামের হাতছানি! গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যামের মালিক হয়েছেন। পেছনে ফেলেছেন ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক রজার ফেদেরার ও জকোভিচকে।
জাভেরভের বিপক্ষে লাল দূর্গে নিজের অপরাজেয় যাত্রা কি অব্যাহত রাখতে পারবেন নাদাল? কিন্তু স্বস্তি দিচ্ছে না ওই পুরোনো চোট। তারপরও থেমে নেই নাদাল, ‘আমার জন্য গত সাড়ে তিন মাস, আমি বলতে পারি যে, কোনো কিছু সহজ ছিল না।’
রেকর্ড ১৩ বারের ফ্রেঞ্চ ওপেন জিতেছেন পঞ্চম বাছাই তারকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জকোভিচকে হারিয়ে শেষ চারে এসেছেন এবার। জাভেরভের বিপক্ষে জিতলে আরেকটি ফাইনাল, তারপর গ্র্যান্ড স্ল্যামের সংখ্যাটা আরেকটু বাড়িয়ে নেওয়ার সুযোগ নিশ্চয় হেলায় হারাতে চাইবেন না নাদাল। জন্মদিনে জয়, নিজেকে দেওয়া বড় উপহার এরচেয়ে আর কী থাকতে পারে!
