দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় রেললাইনের ওপর মোবাইলে গেম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের ভাদেরা (জামতলী) গ্রামে গতকাল শুক্রবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ১৫ বছর বয়সী হৃদয় বাবু দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত বাবলু হোসেনের ছেলে এবং চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের আছিয়া নাজির রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে দিনাজপুর জিআরপি থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, হৃদয় চিরিরবন্দর উপজেলার ভাদেরা গ্রামের নানা মজিবর রহমানের বাড়িতে থেকে পড়ছিল। গতকাল বেলা ১১টায় নিজের মোবাইল ফোন দিয়ে কানে হেডফোন লাগিয়ে ফ্রি-ফায়ার গেম খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়। গেম খেলার একপর্যায়ে রেললাইনের ওপরে গিয়ে বসে পড়ে। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের নিচে সে কাটা পড়ে।
