না.গঞ্জে লেক থেকে ২ কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ জুন ২০২২, ০১:২৯ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৭ নম্বর ওয়ার্ডের জল্লারপাড় এলাকার একটি লেক থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল শুক্রবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো নগরীর পশ্চিম দেওভোগ মাদ্রাসা এলাকার ইকবাল হোসেনের ছেলে ইমতিয়াজ (১৩) ও একই এলাকার জাকির হোসেনের ছেলে মিহাদ (১৪)। তারা পশ্চিম দেওভোগ মাদ্রাসার শিক্ষার্থী।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, জুমার নামাজের আগে দুই কিশোর লেকে গোসল করতে নেমে নিখোঁজ হয়। প্রায় এক ঘণ্টা পর মিহাদের লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধারের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

সদর মডেল থানার ওসি আনিচুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত