পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানানো হবে কিনা? জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন। সুতরাং নিয়মের মধ্যে পড়লে তাকে অবশ্যই আমরা আমন্ত্রণ জানাব।’
শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের আয়োজনে নারী গাড়িচালকদের প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
আরও বলেন, ‘নিয়ম-কানুন জেনে আমরা দেবো। তবে বিএনপি নেতারা দাওয়াত পাবে। তাদের অন্যান্য শরিক দল, বাম-ডান সবাই পাবেন। কার্ড আমরা দেবো, এটা জাতীয় সম্মানের প্রতীক, জাতির সক্ষমতার প্রতীক।’
আশা করেন তারা আসবে কি না? কাদের বলেন, ‘আশা-নিরাশার কোনো বিষয় না। আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি, দিস ইজ ভেরি ইমপরট্যান্ট।’
২৫ জুন সকাল ১০টায় বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে চলছে এই আয়োজনের প্রস্তুতি।
