কুয়াকাটায় সাঁতার কাটতে নেমে নিখোঁজ যুবকের খোঁজ মিলল চেন্নাইয়ে

আপডেট : ০৪ জুন ২০২২, ১১:২৩ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ পর্যটক ফিরোজ সিকদারের (২৭) সন্ধান পাওয়া গেছে। 

নিখোঁজের ৭ দিন পর আজ শনিবার দুপুরে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে তিনি নিজেই তার পরিবারকে ফোন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই মাসুদ সিকদার ও মোয়াজ্জেম হোসেন সিকদার।

গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে কুয়াকাটা সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন ফিরোজ সিকদার।

ফিরোজের মেজ ভাই মাসুদ সিকদার জানিয়েছেন, ২৪ ঘণ্টার বেশি সময় সাগরে ভেসে ছিলেন ফিরোজ। বর্তমানে তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে আছেন।

মাসুদ সিকদার বলেন, সেখানে তিনি স্থানীয় প্রশাসনের জিম্মায় চিকিৎসাধীন আছেন। তাঁকে দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নিতে অনুরোধ করেছেন।

ফিরোজের বরাত দিয়ে তার ভাই মাসুদ বলেন, সৈকতে গোসলে নামার পর ঢেউয়ে গভীর সাগরে ভেসে যান ফিরোজ। পরে সাগরে একটি কলাগাছ ধরে ২৪ ঘণ্টা ভেসে থাকার পর ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাইয়ে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানকার প্রশাসনের জিম্মায় আছেন।

ফিরোজের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের আমখোলা বাজারে।

গলাচিপা থানার ওসি এ আর এম শওকত আনোয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সোর্স থেকে বিষয়টি জেনেছি এবং এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফিরোজ চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন বলেও জেনেছি।

ফিরোজের খোঁজ পাওয়ার বিষয়টি কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশকে জানিয়েছেন মাসুম সিকদার। ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের সহকারী সুপার আবদুল খালেক বলেন, তথ্যটি পেয়েছেন। তাঁরাও খোঁজখবর নিচ্ছেন।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশীষ কুমার জানিয়েছেন, সরকারিভাবেই ফিরোজকে ভারত থেকে আনার ব্যবস্থা নেওয়া হবে।

ফিরোজ সিকদার পেশায় ব্যবসায়ী। আমখোলা বাজারে ভাই ভাই গার্মেন্টস নামের একটি দোকান আছে তাঁর। গত ২৬ মে এক ভাগনে ও বন্ধুদের সঙ্গে কুয়াকাটা সমুদ্রসৈকতে যান তিনি। থাকেন রয়্যাল প্যালেস নামের একটি আবাসিক হোটেলে। পরদিন ২৭ মে দুপুর ১২টার দিকে সবাই মিলে সাগরে গোসল করতে নামেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত