চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে।
শনিবার রাত ১১টার দিকে এই বিস্ফোরণ হয়। হতাহত ব্যক্তিদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন।
ঘটনার পরপরই হতাহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত নিশ্চিত করেছেন। এ ছাড়া আহত অন্তত ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম জানিয়েছেন।
জানা যায়, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত বিএম ডিপোতে প্রথমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট পৌঁছে প্রায় দুই ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
একপর্যায়ে ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রচণ্ড বিস্ফোরণে পুরো এলাকা প্রকম্পিত হওয়ায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিজ এলাকা ছেড়ে অনেকে নিরাপদ দূরত্বে সরে গেছেন।
ঘটনাস্থল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে আরও কিছু সময় লাগবে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বিস্ফোরণে তাদের থানার কনস্টেবল তুহিনের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো অন্তত পাঁচ কনস্টেবল, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন এবং শিল্প পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের মেডিকেলের মর্গের সামনে এ ঘটনায় নিহত চারজনের লাশ দেখা যায়। তবে নিহতের সংখ্যা অনেক বাড়বে বলে হাসপাতল সূত্র নিশ্চিত করেছে।
