চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (০৪ মে) রাত দশটার দিকে এ অগ্নিকাণ্ডের পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে কমপক্ষে ১৬ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন। নিহত ৭ জনের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- মিজানুর রহমান, মো. মহিউদ্দিন, মুমিনুল হক (২৪)। অন্যদের এখনো পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে নয়জন পুলিশ ও তিনজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছে। আহত পুলিশ সদস্যদের মধ্যে তুহিন নামে এক পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
রাত ২টার দিকে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম দেশ রূপান্তরকে বলেন, রাত ১১টার পর থেকে হাসপাতালে দগ্ধ রোগী আসা শুরু হয়। বিভিন্ন অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, লেগুনা, সিএনজি অটোরিকশা করে এ পর্যন্ত শতাধিক দগ্ধ ও আহতদের আনা হয়েছে। সেখানে চারজনকে মৃত ঘোষণা করেছে চিকিৎসক। এখনো রোগী আসতেছে।
ভোর ৫টার দিকে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ আলাউদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ভোর ৫টা পর্যন্ত দগ্ধ হয়ে ছয়জনের মরদেহ হাসপাতালে এসেছে। প্রায় দেড় শতাধিক আহতকে হাসপাতালের বার্ন ইউনিট, সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে, রাত একটার দিকে পার্কিভিউ হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানেও অ্যাম্বুলেন্সে করে দগ্ধদের আনা হচ্ছে। এরমধ্যে গুরুতর দগ্ধ একজনকে মৃত ঘোষণা করেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।
ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন বিপ্লব দেশ রূপান্তরকে বলেন, ওই কনটেইনার ডিপোতে একটি হাইড্রোজেন পার অক্সাইডের চালান ছিল। সেখানে পণ্যভর্তি কনটেইনারে বিস্ফোরণ হয়েছে শুনলাম।
