সীতাকুণ্ডে বিস্ফোরণ, দগ্ধ তিনজন ঢাকায়

আপডেট : ০৫ জুন ২০২২, ১০:৪২ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। 

আজ রবিবার (৫ জুন) সকাল আটটার পর তাদেরকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে আসা হয়।

এরা হলেন ডিপোর সিকিউরিটি ইনচার্জ মাগফারুল ইসলাম (৬৫), এডমিন অফিসার খালেদুর রহমান (৬০) ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান (৩৭)।

মাগফারুলের ভাই আসাদুল হক জানান, সিতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে সিকিউরিটি ইনচার্জ হিসেবে চাকরি করেন মাগফারুল। থাকেন ডিপোর ভিতরেই কোয়ার্টারে। রাতে বিস্ফোরণে দগ্ধ হওয়ার পর স্থানীয়রা তাকে একটি ক্লিনিকে নিয়ে যায়। এরপর সকালে তাকে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়। তার হাত-পা সহ শরীর বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে।

খালেদুর রহমানের মেয়ের জামাই মিনহাজুর রহমান জানান, বিএম ডিপোতে এডমিনে চাকরি করেন খালেদুর। পরিবার নিয়ে থাকেন চট্টগ্রামের মোজাফ্ফর নগর।

কামরুলের খালাতো ভাই নেয়ামত উল্লাহ জিসান জানান, দুর্ঘটনার খবর শুনে ফোর্স নিয়ে কামরুল ঘটনাস্থলে গিয়েছিলেন। তখন বিস্ফোরণে তিনিও দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে, পরে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জানান, দুজনের শরীরের ১২ শতাংশ করে দগ্ধ হয়েছে। আর এসআই কামরুলের দুই পায়ে দগ্ধ হয়েছে। তাদরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত