আওয়ামী লীগ সরকার ‘জবাবদিহিমূলক’ মন্তব্য করে সিতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় ব্যবস্থা নেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন।
তিনি বলেন, সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। এ ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছেন। অনেকেই আহত হয়েছেন। তবে এ ঘটনার কারণে বহির্বিশ্বে আমাদের দেশের ভাবমূর্তিতে ধাক্কা লেগেছে।
সোমবার (৬ জুন) সীতাকুণ্ডের সোনাইছড়ির বিএম কন্টেইনার ডিপো পরিদর্শন শেষে তিনি এসব বলেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে মন্ত্রী বলেন, আপনারা অনেক প্রশ্ন করেছেন। আপনাদের সব প্রশ্নের উত্তর এখন দেওয়া সম্ভব না। আপনাদের মতো আমাদেরও অনেক প্রশ্ন আছে। তদন্তের পর সব বলা যাবে।
তিনি বলেন, সীতাকুণ্ডে আগুনের ঘটনায় বন্দর কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। আগামী তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। বন্দর কর্তৃপক্ষকে বলা হয়েছে প্রতিবেদন আমাদের দিতে। সেই প্রতিবেদন পাওয়ার পরে এনবিআর ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা যায় কি না আমরা সে বিষয়ে আলোচনা করব।
তদন্ত প্রতিবেদনে অবহেলার বিষয়ে প্রশ্ন করলে নৌ প্রতিমন্ত্রী বলেন, যেহেতু তদন্ত প্রতিবেদনের ওপর অনেক কিছু নির্ভর করে তাই এখানে অবহেলার সুযোগ নেই। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। এ সরকার জবাবদিহিমূলক সরকার। আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন।
তিনি আরো বলেন, আমাদের এখন মূল লক্ষ্য আগুন ও পরিস্থিতি স্থিতিশীল করা। ক্ষতিগ্রস্তদের পাশে থাকাও আমাদের এখন প্রধান কাজ।
