সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের ওপরে হামলায় বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদসহ মোট সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বেলকুচি থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) রাতে বেলকুচি থানায় মামলা দায়ের করেছেন চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া।
এর আগে রবিবার (৫ জুন) বিকেলে বেলকুচি পৌর এলাকার জীধুরিস্থ মাজেম মিয়ার ঢালু নামক স্থানে এ মারধরের ঘটনা ঘটে। আহত প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত ৫ মে বিকাল সাড়ে ৫টার দিকে উত্তর বানিয়াগাতী গুচ্ছ গ্রামে মাটি ভরাট প্রকল্পের কাজ বাবদ উঠানো এক লক্ষ ৭৬ হাজার ৫০০ টাকা নিয়ে চেয়ারম্যান জহুরুল ইসলাম মোটরসাইকেল যোগে বেলকুচি থেকে বাড়ি ফিরছিলেন। পথে মাজেম মিয়ার গেট থেকে নিচের দিকে নামার সময় পূর্ব শত্রুতার জের ধরে পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদের হুকুমে সকল আসামিরা তাকে চারদিক থেকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে চেয়ারম্যান বাধা প্রদান করলে আসামিরা তার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জখম করে। একপর্যায়ে তারা আমার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়।
বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আখতার হামিদ বলেন, ঘটনার সাথে আমি জড়িত না বরং আমি চেয়ারম্যানকে সেইফ করেছি।
মামলার বাদি বলেন, ন্যায়বিচার পাওয়ার স্বার্থে আইনের দ্বারস্থ হয়েছি। আশা করি ন্যায়বিচার পাব।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ইফতেখার আহমেদ সজীব বলেন, এই ঘটনাটি আমার জানা নেই, আপনার মাধ্যমে বিষয়টি আমি জানলাম। ঘটনাটি সত্যি হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য জোর অভিযান চলছে। অভিযান অব্যাহত থাকবে।
