হলিউডের ফিল্ম সিরিজ ‘ফ্যান্টাস্টিক ফোর’ নিশ্চয় অনেকের দেখা। চার সুপার হিরোর আশ্চর্য ক্ষমতা উপভোগ করেননি তেমন সিনেমাপ্রেমী খুব কমই পাওয়া যাবে।
আধুনিক ক্রিকেটেও আছে তেমন চারজন। সময়ের সেরা চার ব্যাটার। সমর্থক-ক্রিকেট বোদ্ধারা তাদের ‘ফ্যাবুলাস ফোর’ ডাকতে ভালোবাসেন। সংক্ষেপে ‘ফ্যাব ফোর’। অবিশ্বাস্যই বটে এই চার— বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুট।
তাদের মধ্যে শেষজন সম্প্রতি এমন এক মাইলফলক স্পর্শ করেছেন, যা প্রায় সব ব্যাটারের স্বপ্ন। টেস্টে ১৪তম ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মালিক হয়েছেন রুট। তাও লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো অপরাজিত সেঞ্চুরিতে।
গত বছর থেকে ব্যাট হাতে রুট ছুটছেন ঘোড়ার বেগে। অ্যালিস্টার কুকের পরে দ্বিতীয় ইংলিশ হিসেবে ১০ হাজার রানের চূড়ায় উঠলেন ইয়র্কশায়ার তারকা। কোহলি, স্মিথ ও উইলিয়ামসনের সঙ্গে ক্যারিয়ার প্রায় একই সময় শুরু হলেও তাদের চেয়ে এখন বেশ এগিয়ে গেছেন রুট।
এমনটাই মনে করেন বিসিসিআইয়ের সাবেক নির্বাচক সাবা করিম। সদ্য টেস্ট নেতৃত্ব হারানো রুটকে এই তিন তারকার চেয়ে এগিয়ে রাখলেন তিনি। ইন্ডিয়া নিউজ স্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মত করিমের, ‘সে (রুট) অনেক দূর এগিয়ে গেছে। আমরা যদি ইংল্যান্ডের ব্যাটিং দেখি, কেবল জো রুটের নাম বারবার আসতে দেখি। এর অর্থ রুট অন্যদের সমর্থন পাচ্ছে না। ভারত সম্পর্কে বললে, লোকেশ রাহুল, রোহিত শর্মা, ঋষভ পন্তসহ অন্যান্যদের সমর্থন পাচ্ছে বিরাট কোহলি।’
গত দুই বছর যেখানে কোহলির সেঞ্চুরি নেই সেখানে রুট হয়ে উঠেছেন বোলারদের যম। স্মিথ ও উইলিয়ামসনও সাম্প্রতিক সময়ে নিজেদের মেলে ধরতে পারেননি। রুটকে এগিয়ে রাখার ক্ষেত্রে গত দুই বছরের হিসেবকে সামনে আনছেন সাবা করিমও, ‘জো রুট গত দুই বছরে অন্য তিন ব্যাটারকে অনেক পেছনে ফেলেছে। যদি ধারাবাহিকতা, কৌশল বা মেজাজের কথা বলি, সব দিক থেকে রুট এই মুহূর্তে সবার চেয়ে ওপরে।’
তবে এই চারজনের মধ্যে কেবল এখনো নেতৃত্ব ধরে রাখতে পেরেছেন নিউজিল্যান্ডের উইলিয়ামসন। ধারাবাহিক রান করেও দলের ব্যর্থতায় সরে দাঁড়াতে হয় রুটকে।
